রাজশাহীর তানোর উপজেলায় সমবায়ীদের দক্ষতা বৃদ্ধি, সফল সমবায় সমিতি গঠন এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৯ জানুয়ারি সকালে উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
তানোর উপজেলা সমবায় অফিসের উদ্যোগে এবং রাজশাহী জেলা সমবায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিটের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন তানোর উপজেলা সমবায় অফিসার নাদিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা সমবায় অফিসার মোহাম্মদ রবিন ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ। এছাড়াও বক্তব্য দেন জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক ফিরোজুর রহমান, সহকারী প্রশিক্ষক সাজ্জাদ হোসেন এবং প্রশিক্ষক ও কোর্স পরিচালক রিয়াদ ফয়সাল। প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক নাসির উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী পরিদর্শক রিয়াদ ইসলাম।
প্রশিক্ষণে সমবায় সমিতি আইন ও বিধিমালা, জমা ও খরচের হিসাব হালনাগাদ, অডিট ও বার্ষিক সাধারণ সভা পরিচালনা, অফিস ব্যবস্থাপনা এবং সমবায় সংশ্লিষ্ট বিভিন্ন ডিজিটাল সেবার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সমবায়ভিত্তিক উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা প্রদান করা হয়।
দিনব্যাপী এ প্রশিক্ষণে তানোর উপজেলার ২৫টি সমবায় সমিতির ২৫ জন সমবায়ী অংশগ্রহণ করেন।