চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারায় দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দরের সম্পূর্ণ অপারেশনাল কার্যক্রমে কর্মবিরতির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদল ও সাবেক বন্দর সিবিএ।
তারা জানিয়েছে, আগামী ৩১ জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সব অপারেশনাল কার্যক্রমে কর্মবিরতি (ধর্মঘট) পালন করা হবে।
চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদল ও সাবেক সিবিএ নেতারা বলেন, নিউমুরিং টার্মিনাল চট্টগ্রাম বন্দরের একটি কৌশলগত ও লাভজনক টার্মিনাল। এটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া হলে বন্দরের রাজস্ব আয়, কর্মসংস্থান ও জাতীয় স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এদিকে, চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার বিষয়ে উচ্চ আদালতে দায়ের করা একটি রিট মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। আজ বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা হতে পারে বলে জানা গেছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তারা চুক্তির প্রস্তুতি সম্পন্ন করে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সংশ্লিষ্ট সরকারি মহল আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে। আদালতের রায়ে যদি বিদেশি কোম্পানিকে এনসিটি ইজারা দেওয়ার ক্ষেত্রে আইনি বাধা দূর হয়, তবে বৃহস্পতিবার অথবা আগামী রবিবারের মধ্যেই তড়িঘড়ি করে চুক্তি স্বাক্ষর করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।