গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ভ্রাম্যমান ট্রাকযোগে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাপ্তাই উপজেলার কেপিএম কয়লার ডিপু হরি মন্দির, কলবাগান, কাপ্তাই উপজেলা সদর, নতুনবাজার জেটিঘাট, শিলছড়ি এলাকাসহ বিভিন্ন জনবহুল স্থানে এই সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে কাপ্তাই তথ্য অফিসের লোকসংগীত দলের সদস্য বাউল শিল্পী বসুদেব মল্লিকের নেতৃত্বে শিল্পী লিপি দাশ, টুন্টু রাম ও নিপু মল্লিক ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতামূলক
বিভিন্ন সংগীত পরিবেশন করেন। গানগুলোর মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, গণতন্ত্রের চর্চা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এর আগে কাপ্তাই উপজেলা সদরে অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্রাম্যমান
সংগীতানুষ্ঠানের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এসময় আরও উপস্থিত ছিলেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুন।
এ ধরনের জনসচেতনতামূলক আয়োজন ভোটারদের মধ্যে উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।