ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক হৃদয়বিদারক ঘটনায় একসঙ্গে তিন নাবালিকা বোন আত্মহত্যা করেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) একটি আবাসিক সোসাইটির ৯ তলা ভবন থেকে লাফ দিয়ে তারা প্রাণ হারায়।
পুলিশ জানায়, নিহতরা হলো বিশিকা (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২)। আত্মহত্যার আগে তারা ঘরটি ভেতর থেকে তালাবদ্ধ করে রাখে। ভোরে আশপাশের বাসিন্দারা ঘুমিয়ে থাকায় ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ বুঝতে পারেননি। পরে নিচে পড়ার শব্দে বিষয়টি নজরে আসে। পরিবার দরজা ভেঙে ঘরে প্রবেশ করলেও ততক্ষণে তারা লাফিয়ে পড়েছিল।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তিন বোন একটি কোরিয়ান অনলাইন গেমে অতিরিক্ত আসক্ত ছিল। করোনাকালে গেমের প্রতি আসক্তি এতটাই বেড়ে যায় যে তারা নিয়মিত স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এমনকি গেমের প্রিয় চরিত্র অনুসারে তারা নিজেদের কোরিয়ান নামও ব্যবহার করত।
পুলিশ আরও জানায়, গেম আসক্তির কারণে তাদের জীবনযাত্রায় অস্বাভাবিক ঘনিষ্ঠতা দেখা যায়। খাওয়া, ঘুমানো ও দৈনন্দিন কাজকর্ম তারা একসঙ্গে করত। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে কান্নার ইমোজিসহ লেখা ছিল, ‘দুঃখিত, বাবা’।
ঘটনার পর পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনা তরুণদের মানসিক স্বাস্থ্য ও গেম আসক্তির ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।