নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় জোরদার করা হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য দায়িত্ব পালন করছেন পুরো এলাকায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের নিয়ে আজ মঙ্গলবার বিকেলে নতুন সরকার গঠন করা হবে। এর আগে সকাল সাড়ে ১০টায় সংসদের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। প্রথমে সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সংসদ সদস্যরা এবং পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর সদস্যরা শপথ নেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

শপথ অনুষ্ঠান উপলক্ষে সংসদ ভবন এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন—এই তিনটি নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে। সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র্যাব, বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি স্ট্যান্ডবাই রাখা হয়েছে সোয়াট, বোমা নিষ্ক্রিয়কারী দল ও কে–নাইন ইউনিট।
নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন রয়েছে, প্রবেশপথে তল্লাশি জোরদার করা হয়েছে এবং এলাকায় নিয়মিত টহল চলছে। শপথের আগে দক্ষিণ প্লাজায় বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াড তল্লাশিও চালায়।
শপথ অনুষ্ঠান চলাকালে রাজধানীর কয়েকটি সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর সংলগ্ন এলাকা থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত রাখা হয়েছে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
নগরবাসীকে বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানিয়েছে পুলিশ, যাতে শপথ অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।