পাবনার ৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস চাঁদাবাজি, দখলবাজি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ সুবিধা আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, পাবনা জেলার কোথাও তার নাম বা দলের পরিচয় ব্যবহার করে অবৈধ কর্মকাণ্ড করলে তা বরদাস্ত করা হবে না।
এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন পর নানা বাধা ও অপপ্রচার মোকাবেলা করে দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিয়েছে এবং সেই রায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে। তিনি উল্লেখ করেন, জনগণের এই আস্থা ও ম্যান্ডেট গভীর দায়িত্ববোধের সঙ্গে গ্রহণ করেছে দল ও নেতাকর্মীরা।
তিনি স্পষ্টভাবে জানান, তার নির্বাচনী এলাকা পাবনা-৫সহ জেলার কোথাও চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, প্রভাব খাটিয়ে সুবিধা নেওয়া বা সাধারণ মানুষকে হয়রানির কোনো সুযোগ থাকবে না। সম্প্রতি কিছু ব্যক্তি তার বা দলের নাম ব্যবহার করে অবৈধ সুবিধা দাবি করছে বলে অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ডকে তিনি সম্পূর্ণ বেআইনি ও নিন্দনীয় উল্লেখ করে এর সঙ্গে নিজের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানান।
এ ধরনের ঘটনায় কেউ অর্থ দাবি করলে বা প্রভাব বিস্তারের চেষ্টা করলে দ্রুত স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রশাসনকে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
তিনি আরও বলেন, তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো অপরাধ বা অন্যায়ের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় কখনো ঢাল হতে পারবে না এবং আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে।
শেষে তিনি সুশাসন, স্বচ্ছতা ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।