
দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে হুইলচেয়ার ও ট্রলি সেবা নিশ্চিত করতে অফিস আদেশ জারি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। একই সঙ্গে হাসপাতালগুলোকে দালালমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়–এর অধীন সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এ আদেশে বলা হয়, প্রতিটি সরকারি হাসপাতালে বিনামূল্যে হুইলচেয়ার-ট্রলি সরবরাহ নিশ্চিত করতে হবে। জরুরি বিভাগের নিকটবর্তী দৃশ্যমান স্থানে এসব হুইলচেয়ার-ট্রলি রাখতে হবে এবং বিনামূল্যে সেবার বিষয়টি স্পষ্টভাবে লিখিত আকারে প্রদর্শন করতে হবে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট ইউনিফর্ম পরিহিত হাসপাতালের সেবাকর্মী বা ওয়ার্ডবয় হুইলচেয়ার-ট্রলি বহন করবেন। কোনো বহিরাগত ব্যক্তি টাকার বিনিময়ে এ সেবা দিতে পারবে না।
হাসপাতালে দালালের দৌরাত্ম্য বন্ধে পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা নিতে বলা হয়েছে। দালালদের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া বিধি-বহির্ভূত অর্থ আদায় বা বখশিশ চাওয়া বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ ২ মার্চ ২০২৬ থেকে কার্যকর হয়েছে।
