রাঙামাটির কাপ্তাই উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ঈদকে সামনে রেখে
নিরাপত্তা জোরদার করা, কর্ণফুলী নদীতে মাছ ধরা সংক্রান্ত বিষয় এবং এলাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
সভায় কাপ্তাই থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার সর্বত্র নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, ঈদের ছুটিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
সভায় আরও উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, বিজিবি ও আনসারের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।