নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিহিংসামূলক রাজনীতি গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন “দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা, হয়রানি, দমন-পীড়ন এবং প্রশাসনিক অপব্যবহারের প্রবণতা গণতন্ত্রের মৌলিক চেতনার পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থির করে তুলছে এবং সাধারণ মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তা সৃষ্টি করছে।
এতে আরও বলা হয়, রাজনীতি হওয়া উচিত মানুষের কল্যাণ, ন্যায়বিচার এবং রাষ্ট্রের উন্নয়নের জন্য। কিন্তু প্রতিহিংসার এই চর্চা সেই লক্ষ্যকে ব্যাহত করছে এবং দেশের সামগ্রিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।
প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিহিংসামূলক রাজনীতি পরিহার করে একটি সহনশীল ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার জন্য কয়েকটি বিষয় জোর দিয়ে উল্লেখ করা হয়। সেগুলো হলো—
১. প্রতিহিংসামূলক রাজনীতি পরিহার করে নীতিনির্ভর রাজনৈতিক প্রতিযোগিতা নিশ্চিত করা।
২. আইনের শাসন প্রতিষ্ঠা করা, যাতে আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হয়।
৩. ভিন্নমতকে সম্মান জানিয়ে সংলাপ ও সহনশীলতা বৃদ্ধি করা এবং গঠনমূলক আলোচনার পরিবেশ সৃষ্টি করা।
৪. প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা।
৫. রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা জোরদার করা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ—সাধারণ জনগণ, ব্যবসায়ী, শিক্ষিত সমাজ এবং প্রবাসীরা—একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করে। প্রতিহিংসার রাজনীতি অব্যাহত থাকলে এই প্রত্যাশা কখনোই পূরণ হবে না।
এতে দেশের সকল রাজনৈতিক দল, নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট পক্ষের প্রতি জোর আহ্বান জানানো হয়—প্রতিহিংসার পথ পরিহার করে সহনশীলতা, ন্যায়বিচার এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে রাজনীতি পরিচালনা করতে।
বিজ্ঞপ্তিতে সদস্য সচিব এম এ রউফ (কাতার)ও এ আহ্বানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বিজ্ঞপ্তির শেষে বলা হয়, “এই প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক — গণতন্ত্র হোক ন্যায় ও সহনশীলতার উপর প্রতিষ্ঠিত।”
বিনীত,
অ্যাডভোকেট এ এন এম ঈসা
প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক
“দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদ
Email: desh-bondhu@hotmail.com
এম এ রউফ (কাতার)
সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটি