কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও গাঁজার গাছ জব্দসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে উলিপুর পৌরসভার মোহাম্মদের মোড়ে চেকপোস্ট পরিচালনার সময় উলিপুর থেকে চিলমারীগামী একটি সিএনজি পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে চালক ও যাত্রীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে দুর্ঘটনাকবলিত সিএনজি থেকে পলিথিনে মোড়ানো ৭টি প্যাকেটে মোট ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।
অন্যদিকে, ১১ এপ্রিল রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে উলিপুর থানাধীন তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ রওশন আলম ওরফে দেলদার (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার বর্গা নেওয়া জমি থেকে ৫টি গাঁজা গাছের চারা এবং ৬টি গাঁজার পাতা ও ডাল জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম জানান, দুইটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও গাঁজার গাছ জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জানান, অপরাধ দমন ও মাদকের বিরুদ্ধে চলমান এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।