টাঙ্গাইলের মির্জাপুরে ছিনতাইকারীর কবলে পড়ে আতিকুর রহমান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (সকাল) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পাকুল্যা ফিলিং স্টেশনের পূর্বপাশ থেকে তার হাত বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আতিকুর রহমান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দশআনি বকশিয়া গ্রামের খালেদুর রহমানের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচারীরা মহাসড়কের পাশে এক ব্যক্তিকে হাত বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে দ্রুত জামুর্কী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন জানান, শনিবার রাতের কোনো এক সময় আতিকুর রহমান ছিনতাইকারীর কবলে পড়ে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।