
মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, ‘অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)’, ‘প্রজ্ঞা’ এবং ‘আহছানিয়া মিশন’ আসন্ন বাজেটে প্রতি প্যাকেট বিড়ির মূল্য ১৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা এবং সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে ৫০ শতাংশ করার যে প্রস্তাব দিয়েছে, তা দেশের প্রায় ১৮ লাখ দরিদ্র ও সুবিধাবঞ্চিত শ্রমিকের অন্নসংস্থান বন্ধ করার এক গভীর ষড়যন্ত্র।
শ্রমিক নেতারা স্বাধীনতোত্তর বাংলাদেশে বিড়ি শিল্পের ইতিহাস স্মরণ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমল থেকেই বিড়িতে কোনো শুল্ক ছিল না এবং এটি কুটির শিল্প হিসেবে স্বীকৃত ছিল। পরবর্তীতে ১৯৭৫ সালে বিড়ি উৎপাদন নিষিদ্ধ করা হলেও গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানের কথা বিবেচনা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কঠোর অবস্থান থেকে সরে আসেন। তিনি বিড়িকে একটি শ্রমঘন শিল্প হিসেবে এগিয়ে নেন এবং গরিব মানুষের বিনোদনের সীমিত উপায়ের কথা চিন্তা করে বিড়ির ওপর ট্যাক্স না বাড়ানোর নীতি গ্রহণ করেছিলেন।
সংবাদ সম্মেলনে ও মানববন্ধনে সাংবাদিক বন্ধুদের ‘জাতির জাগ্রত বিবেক’ ও ‘কলম সৈনিক’ আখ্যা দিয়ে শ্রমিক নেতারা অভিযোগ করেন, কিছু বিদেশী বহুজাতিক কোম্পানি এবং দেশি-বিদেশী এনজিও এ দেশের প্রাচীন এই দেশীয় শিল্পকে ধ্বংস করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এর ফলে প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি মালিকরা কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছেন, যার সরাসরি শিকার হচ্ছেন সাধারণ শ্রমিকরা।
শ্রমিকদের কর্মসংস্থান রক্ষা ও দেশীয় শিল্পের অস্তিত্ব টিকিয়ে রাখতে সংগঠনটির পক্ষ থেকে ৫ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো:
১. ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পে কোনো প্রকার শুল্ক বৃদ্ধি না করা।
২. বিড়ি শ্রমিকদের সপ্তাহে অন্তত ছয় দিন কাজের (কর্মদিবস) ব্যবস্থা নিশ্চিত করা।
৩. লাইসেন্সধারী সকল বিড়ি ফ্যাক্টরির জন্য মাসে কমপক্ষে এক কার্টুন (৫ প্যাকেট) ব্যান্ডরোল উত্তোলন বাধ্যতামূলক করা।
৪. বর্তমানে টোব্যাকো মার্কেটের প্রায় ৮০ শতাংশ দখল করে থাকা নিম্নস্তরের সিগারেটের মূল্য বৃদ্ধি করা।
৫. সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়া অসাধু চক্রের নকল বিড়ি উৎপাদন ও বিক্রি সম্পূর্ণ বন্ধ করা।
মানববন্ধনে বক্তব্য রাখেন পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক এবং সাধারণ সম্পাদক শামীম। বক্তারা আশা প্রকাশ করেন, প্রান্তিক ও অসহায় শ্রমিকদের রুটি-রুজির স্বার্থে সরকার আগামী বাজেটে বিড়ি শিল্পের ওপর অতিরিক্ত শুল্কের বোঝা চাপাবে না।