দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার ঘটনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। দুবাই পুলিশের সহায়তায় এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১৪ জুন) পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, গত ১২ জুন পাঠানো একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
জানা গেছে, বেনজীর আহমেদের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
এদিকে, গ্রেপ্তারের খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এখন তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।