তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরে রাষ্ট্রীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে সফরসঙ্গী হয়েছেন পাবনার কৃতি সন্তান খালেদ হোসেন পরাগ। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী হিসেবে দায়িত্ব পালনকারী পরাগের এই অন্তর্ভুক্তি পাবনার সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনে আনন্দের সঞ্চার করেছে।
রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করে। ছয় দিনের এ সফরে মালয়েশিয়া শেষে প্রতিনিধি দল চীন সফর করবে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে ২৫ সদস্যের প্রতিনিধি দলে স্থান পেয়েছেন জাসাস পাবনা জেলা শাখার আহ্বায়ক ও ‘ছবির গল্প’-এর প্রতিষ্ঠাতা খালেদ হোসেন পরাগ। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী হিসেবে রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রমের আলোকচিত্র ধারণের দায়িত্ব পালন করে আসছেন তিনি।
আগামী ২৬ জুন দেশে ফেরার কথা রয়েছে প্রতিনিধি দলের। চীন সফরকালে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তিস্তা প্রকল্পসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পাবনার সন্তান খালেদ হোসেন পরাগের অন্তর্ভুক্তিকে জেলার জন্য গৌরবের বিষয় হিসেবে দেখছেন স্থানীয় সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের প্রতিনিধিরা।