পাবনায় মাদকবিরোধী অভিযানে দুইজন আট
নিজস্ব প্রতিবেদক, পাবনা: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) পাবনা সদর উপজেলার লস্করপুর এলাকার বিভিন্ন মাদক স্পটে এ অভিযান পরিচালনা করা হয়। পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযানে অংশ নেন।
আটক ব্যক্তিরা হলেন, পাবনা শহরের লঞ্চঘাট এলাকার মো. হৃদয় হোসেন (৩০) ও মো. মামুন (৪০)। তারা উভয়েই মো. মুক্তার হোসেনের ছেলে বলে জানানো হয়েছে।
ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানের পর আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিদর্শক সোহান এবং উপপরিদর্শক মো. জামালুর রহমান ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।
তিনি জানান, চলতি আগস্ট মাসে এ পর্যন্ত মাদক অপরাধের সঙ্গে জড়িত মোট ৫১ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।