আদালত চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে চিত্রনায়িকা পরীমনির তোলা ‘ব্যাডটাচ’-এর অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ঘটনাস্থলে উপস্থিত সংবাদকর্মীরা ও প্রত্যক্ষদর্শীরা। তাঁদের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত সাংবাদিকের শারীরিক সীমাবদ্ধতা এবং ঘটনার সময় তাঁর হাতের ব্যস্ততা বিবেচনায় এই ধরনের অভিযোগ শতভাগ অসম্ভব।
দীর্ঘদিন ধরে মূলধারার গণমাধ্যমে মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত ওই সাংবাদিক সহকর্মীদের কাছে অত্যন্ত সজ্জন, বিনয়ী ও পেশাদার হিসেবে পরিচিত। তবে এই অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যমকর্মী মহলে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনার সময় উপস্থিত একাধিক সাংবাদিক জানান, পেশাগত প্রয়োজনে মাল্টিমিডিয়া সাংবাদিকদের এক হাতে মোবাইল ফোন ও অন্য হাতে গিমবেল বা ক্যামেরা নিয়ে একযোগে কাজ করতে হয়। কিন্তু অভিযুক্ত সাংবাদিকের দুটি হাতের মধ্যে একটি হাত জন্মগতভাবেই অকার্যকর। এই বাস্তবতায় রাজুর পক্ষে কারও গায়ে হাত দেওয়া বা কোনো ধরনের অসদাচরণ করা শারীরিকভাবেই অসম্ভব।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, তা সত্ত্বেও চিত্রনায়িকা পরীমনি আদালত চত্বরে ওই সাংবাদিকের বিরুদ্ধে অকথ্য ও আপত্তিকর ভাষায় গালিগালাজ করেন এবং মিথ্যা অভিযোগ তোলেন। ভাইরাল হওয়ার প্রবণতা কিংবা কোনো বিশেষ মহলের সুবিধাভোগী মানসিকতা থেকেই এমনটি করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে।
পেশাগত দায়িত্ব পালনকালে একজন গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে এমন ভিত্তিহীন অভিযোগ ও হেনস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ।