
দুর্নীতি প্রতিরোধে নাগরিক সচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে প্রতিরোধ কমিটির কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে পাবনায় জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের অংশগ্রহণে “দুর্নীতি প্রতিরোধে করণীয়” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পাবনা এলজিইডি মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, পাবনার উপপরিচালক মো. শহীদুল আলম সরকার।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের পরিচালক (প্রতিরোধ ও সচেতনতা), প্রধান কার্যালয় ঢাকা মো. মোজাহার আলী সরদার। বিশেষ অতিথি ছিলেন দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক একে এম ফজলে হোসেন।
এ সময় বক্তব্য দেন এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মমিন মুজিবুল হক সমাজী, পাবনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনোয়ার উল আজীজ এবং সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান।
কর্মশালায় পাবনা জেলার আটটি উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা অংশ নেন। বক্তারা দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
