Oplus_16908288

নিউজ ডেক্সঃ
অত্যাবশ্যক ওষুধের তালিকায় নতুন করে ১৩৬টি ওষুধ যুক্ত করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।
ডা. সায়েদুর রহমান বলেন, নতুন তালিকাভুক্ত ওষুধগুলোর দাম সরকার নির্ধারণ করবে এবং বর্তমান সরকারের সময়েই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। এর ফলে সাধারণ মানুষের জন্য ওষুধ আরও সাশ্রয়ী ও সহজলভ্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জানান, ক্যানসারের ওষুধ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। তবে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের প্রয়োজনীয় ওষুধ এতে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে ওষুধের দামে নিয়ন্ত্রণ না থাকায় অনেক ওষুধ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল বলেও উল্লেখ করেন তিনি।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। তিনি জানান, এসেনশিয়াল ড্রাগের সংখ্যা বাড়ানোর গাইডলাইন ইতোমধ্যেই মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে এবং দ্রুতই এর কার্যকারিতা দেখা যাবে।
