
পাবনার ভাঙ্গুড়ায় ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাসহ চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দিলপাশার ইউনিয়নের মাগুরা গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. মোস্তাফিজুর রহমান চারজনকে জেল ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের মৃত মকবেল প্রামাণিকের ছেলে ইকবাল হোসেন (৩২), কৈডাঙ্গা গ্রামের মৃত আবু তাহের খাঁর ছেলে মিজানুর রহমান (৪৩) এবং মাগুরা গ্রামের আসাদুজ্জামানের ছেলে নাইমুল ইসলাম সুজন (২৪)।
এছাড়া দণ্ডপ্রাপ্ত সুজন খান (২৮) উপজেলার দিলপাশার ইউনিয়নের পুঁইবিল গ্রামের সুলতান খানের ছেলে। তিনি দিলপাশার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে দিলপাশার ইউনিয়নের মাগুরা গ্রামে ফসলি জমি কেটে অবৈধভাবে মাটি বিক্রি করা হচ্ছিল। এ বিষয়ে মঙ্গলবার সকালে নিউজ পাবনা অনলাইন নিউজ পোর্টালে ভিডিও সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে বিষয়টি। পরে দুপুরে সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজন খানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অপর তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারায় এসব দণ্ড প্রদান করা হয়েছে। ফসলি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
