
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভোট কেনার অভিযোগে জনতা দলের এক ইউনিয়ন নেতাকে হাতেনাতে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে দলগ্রাম ইউনিয়নের পাটিকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি রবীন্দ্রনাথ রায় জনতা দলের দলগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট–০২ আসনে জনতা দল মনোনীত প্রার্থীর ‘কলম’ প্রতীকের পক্ষে ভোটারদের প্রভাবিত করতে তিনি ৩–৪ জন কর্মীকে সঙ্গে নিয়ে এলাকায় প্রবেশ করেন এবং ভোটারদের মাঝে টাকা বিতরণ শুরু করেন।বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করলে সঙ্গে থাকা কয়েকজন কর্মী পালিয়ে যায়। এ সময় রবীন্দ্রনাথ রায়কে টাকাসহ হাতেনাতে আটক করে বিক্ষুব্ধ জনতা।
পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহীদ ইশরাকের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। নির্বাচনী আচরণবিধি ২০২৬-এর ২৭ ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে ২ হাজার টাকা জরিমানা করেন; অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। তবে অভিযুক্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে দোষ স্বীকার করে জরিমানার অর্থ পরিশোধ করলে তাকে মুক্তি দেওয়া হয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।
