
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা প্রসঙ্গে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ঠেকানো সম্ভব নয়। তবে চুক্তিতে দেশের স্বার্থের বাইরে কিছু চাপিয়ে দেওয়া হবে না বলে তিনি আশ্বাস দেন।
টানা ৬ দিন কর্মবিরতির পর শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে চট্টগ্রাম বন্দরে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়েছে। কন্টেইনার হ্যান্ডলিং, ডেলিভারি ও জাহাজে পণ্য ওঠানামা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
নৌ উপদেষ্টা শ্রমিকদের উদ্দেশে বলেন, রমজান সামনে রেখে বন্দর বন্ধ রেখে আন্দোলন গ্রহণযোগ্য নয়। দাবিগুলো বিবেচনায় নেওয়া হচ্ছে, এরপরও কাজে বাধা দিলে সরকার কঠোর হবে।
এদিকে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ দুই দিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছে। শনিবারের মধ্যে দাবি মানা না হলে রোববার থেকে আবার কর্মবিরতির ঘোষণা দেওয়া হবে।
অন্যদিকে আন্দোলনের নামে নৈরাজ্যের অভিযোগে চট্টগ্রাম বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্ত চেয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিষয়টি দুদক ও এনএসআইকেও জানানো হয়েছে।
