
বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়ন এবং বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে রেইস প্রকল্পের আওতায় পাবনায় উৎসবমুখর পরিবেশে জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। রোববার পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ডিগ্রি মাঠে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
মেলায় প্রায় ৪০টির বেশি জাতীয় ও স্থানীয় নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। এতে অংশগ্রহণ করেন প্রায় চার শতাধিক প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী। তারা সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পান।
পিসিডির নির্বাহী পরিচালক শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন রেইস প্রকল্পের উপ-প্রকল্প সমন্বয়কারী ও পিকেএসএফ-এর ব্যবস্থাপক গোলাম জিলানী।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। পরে অতিথিরা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, হিরো মটোকর্প, প্রাণ-আরএফএল ও বিডিজবসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ছিল। আয়োজনটি চাকরি প্রত্যাশীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
