
পাবনা ভাঙ্গুড়ায় জনতা ডেইরি ফার্মের প্রায় ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তদন্তে অভিযোগকারী ম্যানেজারের নিজস্ব সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার দেখানো মতে লুকিয়ে রাখা ৪ লাখ ৬৮ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুন ২০২৬ তারিখে জনতা ডেইরি ফার্মের ম্যানেজার মোঃ নাজমুল হোসেন অভিযোগ করেন যে, ডেইরি ফার্ম থেকে প্রায় ৭ লাখ টাকা নিয়ে বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা চার ব্যক্তি তার হাত-পা বেঁধে এবং মুখে শপিং ব্যাগ ঢুকিয়ে টেপ পেঁচিয়ে নগদ অর্থ ছিনিয়ে নেয়।
অভিযোগের পর স্থানীয়রা তার গোঙানির শব্দ শুনে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত এবং গোপন তথ্য সংগ্রহ শুরু করে।
তদন্তের একপর্যায়ে পুলিশের কাছে সন্দেহ সৃষ্টি হলে নাজমুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে কথিত ছিনতাইয়ের ঘটনাটি সাজানো ছিল এবং আত্মসাৎ করা টাকার একটি অংশ জনতা ডেইরি ফার্মে লুকিয়ে রাখা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৬ জুন) রাতে ভাঙ্গুড়া থানা পুলিশ তাকে সঙ্গে নিয়ে হরোপাড়াস্থ জনতা ডেইরি ফার্মে অভিযান চালায়। তার দেখানো মতে ফার্মের কিচেন রুমে থাকা একটি ফ্রিজের ওপর থেকে নগদ ৪ লাখ ৬৮ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ জব্দ করে মালখানায় জমা রাখা হয়েছে।
পরে নাজমুল হোসেনকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনাটির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
