
পবিত্র ১০ মহররম (আশুরা) উপলক্ষে কারবালার শোকাবহ ঘটনার স্মরণে পাবনা শহরে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলের ব্যানারে “শোহাদায়ে কারবালার স্মরণে শোক মিছিল” শিরোনামের পাশাপাশি উল্লেখ ছিল, পরিচালনায়: আলে রাসুল, মুরিদানে বরকত সৈয়দ শাহ হযরত আলী আল কাদেরী, সাজ্জাদানশীন, মেহেরপুর পাক দরবার শরীফ। এছাড়া আয়োজনে: আশেকানে কাদেরিয়া, পাবনা সদর, পাবনা লেখা ছিল।
মিছিলে অংশগ্রহণকারীরা কালো পোশাক ও শোকের প্রতীক বহন করে কারবালার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শ স্মরণ করে বিভিন্ন স্লোগান দেন।
আয়োজকদের ভাষ্য, কারবালার শিক্ষা মানবতা, ন্যায়বিচার ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের প্রতীক। সেই আদর্শ সমাজে ছড়িয়ে দিতেই প্রতিবছরের মতো এবারও এ শোক মিছিলের আয়োজন করা হয়েছে।
