
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং দুইজন কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপও জব্দ করা হয়।
রবিবার (২৮ জুন ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত আনুমানিক ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ টহল দল টেকনাফ থানার কেরুনতলী কালভার্ট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন মিনি পিকআপে তল্লাশি চালিয়ে গাড়িটির তেলের ট্যাংকের ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপটি জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজন কথিত মাদক কারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকৃত ইয়াবা ও মিনি পিকআপও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
