
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় উদযাপিত হয়েছে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি-র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে শুক্রবার পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এনটিভির স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমানের আয়োজনে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাবনা প্রেসক্লাবের সভাপতি মো. আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ শিবজিত নাগ, শিক্ষাবিদ অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, পাবনা ট্রাক মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক কবির, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুজ্জামান এবং পাবনা জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, মুক্তচিন্তার বিকাশ এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ তুলে ধরে দর্শকদের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে পাবনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পরে কেক কেটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন অতিথিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও উপস্থাপক পাভেল মৃর্ধা।
