
ক্ষমতা গ্রহণের মাত্র পাঁচ মাসের মাথায় নানা উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী পদক্ষেপের মাধ্যমে দেশবাসীকে চমক দেখিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যে সাধারণ মানুষ সরকারের এসব সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের সুফল পেতে শুরু করেছেন।
রবিবার (২ আগস্ট) দুপুরে পাবনার চাটমোহর ও ফরিদপুর উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হাসান জাফির তুহিন।
পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চলনবিল এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন বিএমডিএ চেয়ারম্যান। উদ্বোধনের পর তিনি দুই উপজেলার বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ভেষজ প্রজাতির চারা রোপণ করেন।
সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে হাসান জাফির তুহিন বলেন, “দায়িত্ব নেওয়ার পর অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে বর্তমান সরকার দেশজুড়ে নানা প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। বিশেষ করে পাবনা-৩ আসনকে ঘিরে আমাদের ব্যাপক উন্নয়ন পরিকল্পনা রয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।”
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের ওপর জোর দিয়ে তিনি বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি সফল করতে দল-মত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”
গাছ রোপণের পাশাপাশি সঠিক পরিচর্যার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, “অতীতে তদারকির অভাবে অনেক গাছ নষ্ট হয়ে গেছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার রোপণ করা গাছের শতভাগ টিকে থাকা নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে বিএমডিএ পাবনার নির্বাহী প্রকৌশলী সাইফুননাহার, চাটমোহর ইউএনও মুসা নাসের চৌধুরী, ফরিদপুর ইউএনও উম্মে ইমাম বানিন, চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষসহ স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

https://shorturl.fm/PbTvA