
ঈশ্বরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাহ আলম (তুষার) (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে ঈশ্বরদী থানাধীন সাহাপুর ইউনিয়নের সাহাপুর গ্রামে শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জানতে পারে, ওই এলাকায় এক ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট নিয়ে অবস্থান করছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত শাহ আলম (তুষার) ঈশ্বরদীর বাজারপাড়া পাকশী এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে জেলা পুলিশের অবস্থান কঠোর ও আপসহীন।
