
সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান প্রবেশপথ। এতে চরম দুর্ভোগে পড়ছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। একই সঙ্গে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের চলাচলেও সৃষ্টি হচ্ছে ভোগান্তি।
গুরুত্বপূর্ণ এই প্রবেশপথটি শুধু পুলিশ সুপারের কার্যালয়ে যাওয়ার জন্য নয়। একই পথ দিয়ে যেতে হয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয় ও ডিএসবি কার্যালয়ে। পুলিশ ক্লিয়ারেন্স নিতে আসা নাগরিকদের পাশাপাশি রেকর্ড রুম থেকে জমির কাগজপত্র সংগ্রহ করতে আসা মানুষ এবং আদালতে যাতায়াতকারীরাও নিয়মিত এই পথ ব্যবহার করেন।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই প্রবেশপথে পানি জমে দীর্ঘ সময় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে পথচারীদের পানির মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে। এতে বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও দূর-দূরান্ত থেকে সেবা নিতে আসা মানুষের দুর্ভোগ বাড়ছে।
ভুক্তভোগীদের দাবি, গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়গুলোর প্রবেশপথ হওয়ায় এখানে দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি রাস্তার উচ্চতা কিছুটা বাড়ানো হলে পানি জমে থাকার সমস্যা অনেকটাই কমতে পারে।
সেবা প্রত্যাশীদের ভোগান্তি দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা।
