
স্ট্রোক আক্রান্ত হয়ে পাবনার চাটমোহর থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ মারা গেছেন।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চাটমোহর থানা সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে হঠাৎ অসুস্থতা অনুভব করেন এসআই আবুল কালাম আজাদ। পরে চিকিৎসকের পরামর্শ নিতে তিনি পাবনায় যাওয়ার সিদ্ধান্ত নেন। থানা থেকে নিজেই ভ্যানে করে সিএনজিতে ওঠার জন্য রওনা হন। এ সময় সহকর্মীদের সঙ্গে তাঁর স্বাভাবিকভাবেই কথা হয়।
পরে তাঁর স্ত্রী পাবনায় পৌঁছে তাঁকে পাবনা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।
আবুল কালাম আজাদের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চাটমোহর থানায় শোকের ছায়া নেমে আসে। সহকর্মীরা তাঁর কর্মজীবনের বিভিন্ন স্মৃতি স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।
সহকর্মীরা জানান, দায়িত্ব পালনে আবুল কালাম আজাদ ছিলেন তাঁদের পরিচিত একজন সহকর্মী। তাঁর আকস্মিক মৃত্যুতে কর্মস্থলে তৈরি হয়েছে গভীর শূন্যতা। তাঁর মৃত্যুতে থানার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন।
