
ডিজিটাল আসক্তি পরিহার করে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ, পিপিএম।
শনিবার (১৭ অক্টোবর) রাজশাহী কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৬’-এর রাজশাহী বিভাগীয় উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সমকালের পৃষ্ঠপোষকতায় এবং সুহৃদ সমাবেশের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন।
অনুষ্ঠানে ডিআইজি আশিক সাঈদ বিজয়ী বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, অধ্যবসায় ও সময়ানুবর্তিতার মাধ্যমে যোগ্য নাগরিক হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম এবং স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্মসচিব) জনাব মোছাঃ তাছলিমা খাতুন। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিক দল অংশ নেয়।
