
বগুড়ার শিবগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম।
শুক্রবার (২০ নভেম্বর) পরিদর্শনকালে তিনি শিবগঞ্জ থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় থানা ভবনের বিভিন্ন কক্ষ, পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি থানার দাপ্তরিক কার্যক্রম এবং সাধারণ মানুষের জন্য পরিচালিত জনসেবামূলক কার্যক্রমের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ডিআইজি থানার সেবার মান আরও উন্নত, গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল), বগুড়া এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
