
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ বিসিক শিল্পনগরী মাঠে।
গতকাল শনিবার ৩১ জানুয়ারি বিকেলে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে আয়োজিত এই ঐতিহাসিক জনসভায় লাখো মানুষের ঢল নামে। জনসমুদ্রে পরিণত হয় পুরো বিসিক শিল্পনগরী এলাকা।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে পাবনা-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “সবার আগে বাংলাদেশ” এই রণধ্বনি ও রণনীতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে এবং বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, জনাব তারেক রহমান যে সংগ্রাম শুরু করেছেন, তা শুধু একটি রাজনৈতিক লড়াই নয়। এটি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, নতুন বাংলাদেশ গড়ার লড়াই এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই। এই লড়াইয়ের সূচনা হয়েছিল ১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহসী নেতৃত্বের মাধ্যমে।
এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস আরও বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি আজ ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। জনগণের শক্তিশালী সমর্থনেই এই আন্দোলনে বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ।
