
পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে র্যাব-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩০ মার্চ ২০২৬ রাত ৯টা ৫ মিনিটে ঈশ্বরদী থানাধীন আমিনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ সুমন মন্ডল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি নাটোর জেলার লালপুর থানার ভাদুর বটতলা এলাকার বাসিন্দা।
এ সময় তার কাছ থেকে ৩২ বোতল ফেন্সিডিল, ৪০ বোতল ইস্কাফ ও ৩ বোতল ফেয়ারডিলসহ মোট ৭৫ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদক মজুদ করে রেখেছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৪(গ) ধারায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।
