
দেশ ও প্রবাসের প্রতিনিধিদের সমন্বয়ে এক জমকালো ভার্চুয়াল সাধারণ সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে সম্পূর্ণ ব্যতিক্রমী ও সেবামূলক সংগঠন “রংধনু নারী ফাউন্ডেশন”। গত ২ জুন ২০২৬ তারিখে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হওয়া প্রতিনিধিদের উপস্থিতিতে এই সভাটি সফলভাবে অনুষ্ঠিত হয়। সংগঠনটির লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে বর্তমানে প্রাথমিক আলাপ-আলোচনা চলছে এবং এর উন্নয়নে সংশ্লিষ্ট সকলের পরামর্শ ও মতামত আহ্বান করা হয়েছে।
বিশিষ্ট সমাজসেবক লায়ন শাহিদা পারভীন রতনার সভাপতিত্বে এবং ইয়াসমিন রহমান বকূলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ রউফ। এছাড়া বিশেষ পরামর্শক ও উপদেষ্টা হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজ্ঞ এডভোকেট এ এন এম ঈসা।
সভায় কবির আহমেদ মাসূম, রিমন হোসেন, ডঃ শরিফ সাকি, রেজা নবীসহ দেশ-বিদেশের একঝাঁক গুণী ও নিবেদিতপ্রাণ সংগঠক যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সভায় উপস্থিত সকলে উল্লেখ করেন, এটি সংগঠনের প্রাথমিক রূপরেখা মাত্র; সবার মূল্যবান পরামর্শের ভিত্তিতেই এর চূড়ান্ত পথচলা মশিণ হবে।
সংগঠনের মূল লক্ষ্য ও প্রাথমিক সিদ্ধান্তসমূহ:
-
- ঐক্যবদ্ধ প্রয়াস: “সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব”—এই মূলমন্ত্রকে সামনে রেখে সংগঠনটি এগিয়ে যাবে।
- গ্লোবাল নেটওয়ার্ক: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা রেমিটেন্স যোদ্ধা ও সহযোদ্ধাদের একক প্ল্যাটফর্মে এনে সম্মিলিত কল্যাণমূলক কাজ করা হবে।
- নারী উন্নয়ন: সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করা এবং প্রবাসীদের অধিকার ও কল্যাণে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে।
যোগাযোগ ও পরামর্শ:
যেহেতু সংগঠনটি বর্তমানে প্রাথমিক আলোচনা ও রূপরেখা প্রণয়নের পর্যায়ে রয়েছে, তাই এর যেকোনো বিষয়ে তথ্য, গঠনমূলক পরামর্শ বা মতামতের জন্য সরাসরি চেয়ারম্যান লায়ন শাহিদা পারভীন রতনার সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
রংধনুর সাত রঙের মতো দেশ ও প্রবাসের সব ভালো মানুষকে এক সুতোয় গেঁথে মানবিক কল্যাণে এগিয়ে যাক “রংধনু নারী ফাউন্ডেশন”—উদ্বোধনী সভায় বক্তারা এই শুভকামনা ব্যক্ত করার পাশাপাশি বাকিদের যুক্ত হয়ে পরামর্শ দেওয়ার আহ্বান জানান।
