
পাবনা জেলায় যোগ দিয়েই অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) নীতি ঘোষণা করেছিলেন নবাগত পুলিশ সুপার (এসপি) মোঃ ছুফি উল্লাহ। দায়িত্ব গ্রহণের পরপরই জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তার নেওয়া কঠোর ও তাৎক্ষণিক পদক্ষেপ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিলো।
পাবনাতে সাম্প্রতিক হত্যাকাণ্ডের দিনেই জড়িত সকল আসামিদের কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জেলা পুলিশ। একই সাথে জেলার অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোও কঠোর হস্তে দমন করা হয়েছে। এই সফলতার পর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আরও কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ প্রশাসন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নবাগত পুলিশ সুপারের নির্দেশনায় পাবনা জেলা পুলিশের সকল সদস্যের ছুটি বাতিল করে ডিউটি দ্বিগুণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে রাজশাহী থেকে বিশেষ বাহিনীর (স্পেশাল ফোর্স) ৫০ জন দক্ষ পুলিশ অফিসারকে জরুরি ভিত্তিতে পাবনায় যুক্ত করা হয়েছে। এছাড়া পুলিশ লাইন্সের রিজার্ভ ফোর্সের সকল সদস্যকে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা এবং প্রবেশদ্বারের চেকপোস্টগুলোতে ডিউটিতে মোতায়েন করা হয়েছে।
বর্তমানে পাবনায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশ, গোয়েন্দা শাখা (ডিবি), সিআইডি, ডিএসবি, এনএসআই, র্যাব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সমন্বিতভাবে সার্বক্ষণিক মাঠে কাজ করছেন। পাবনার পুলিশ সুপারের এই বিশেষ অভিযান ও সার্বিক পরিস্থিতি সরাসরি তদারকি করছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি।
এদিকে এক জরুরি বার্তায় পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ সাধারণ মানুষের যেকোনো অভিযোগ অত্যন্ত যত্ন সহকারে ও গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করার জন্য দায়িত্বশীল পুলিশ অফিসারদের নির্দেশ দিয়েছেন। সেই সাথে জেলায় শান্তিময় পরিবেশ বজায় রাখতে সর্বস্তরের জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
জনসাধারণের উদ্দেশ্যে এক আহ্বানে পুলিশ সুপার বলেন, জেলায় কোনো সন্দেহভাজন ব্যক্তি, অবৈধ বালুমহালের সিন্ডিকেট, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী কিংবা অস্ত্রধারী সন্ত্রাসী দেখা মাত্রই তাৎক্ষণিকভাবে পাবনা জেলা পুলিশ অথবা জেলা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে তথ্য দিয়ে সহযোগিতা করুন। তথ্য প্রদানকারীর পরিচয় ও তথ্যের গোপনীয়তা সম্পূর্ণ রক্ষা করা হবে।
পাবনার নবাগত পুলিশ সুপার তার বক্তব্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমি পাবনার মানুষকে শান্তিতে ঘুম পাড়াতে চাই।” অপরাধ দমনে জেলা পুলিশের পক্ষ থেকে আগামীতে যেকোনো ধরনের কঠোর পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
