
খাস জমি উদ্ধার ও সংরক্ষণে রাজস্ব প্রশাসনকে পুলিশ বিভাগের সহায়তা এবং এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশিক্ষণ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম।
বুধবার (২৮ অক্টোবর) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত বিভাগীয় পর্যায়ের পাঁচ দিনব্যাপী ‘ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ২০২৬-২০২৭’-এর দ্বিতীয় পর্যায়ে রিসোর্স পারসন হিসেবে তিনি এ প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণে ‘খাস জমি উদ্ধারে রাজস্ব প্রশাসনকে পুলিশ বিভাগের সহায়তা এবং খাস জমি রক্ষায় পুলিশের ভূমিকা’ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সরকারি খাস জমি উদ্ধার ও সংরক্ষণে রাজস্ব প্রশাসন ও পুলিশের মধ্যে সমন্বয় জোরদার, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া খাস জমি উদ্ধারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকারি সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কার্যক্রমে প্রয়োজনীয় পুলিশি সহায়তা প্রদানের বিষয়ে প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা দেন ডিআইজি মো. আশিক সাঈদ।
প্রশিক্ষণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ইউনিয়ন ভূমি সহকারী ও উপসহকারী কর্মকর্তা, সার্ভেয়ারসহ সমপর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা অংশ নেন।
