
সুনামগঞ্জের দিরাই উপজেলায় সাবেক মেয়র মোশারফ মিয়ার ছেলে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল মিয়াকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সন্দেহজনক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অভিযানে একটি ৭.৬৫ এমএম পিস্তল (ম্যাগাজিনসহ), ৮ রাউন্ড লাইভ গুলি, একটি একনলা বন্দুকের ব্যারেল এবং অস্ত্র পরিষ্কারের ৫টি সামগ্রী উদ্ধার করা হয়। এছাড়াও উদ্ধার করা হয়েছে ৯টি পাসপোর্ট, ২টি সিসিটিভি ডিভিআর, ২টি রামদা, একটি ছুরি, একটি চাপাতি, একটি নোকিয়া বাটন ফোন এবং একটি আইফোন।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উজ্জল মিয়াকে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের বিষয়ে অস্ত্র আইনে ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধার হওয়া একাধিক পাসপোর্ট ও ইলেকট্রনিক ডিভাইস যাচাই-বাছাই করা হচ্ছে। এগুলোর সঙ্গে কোনো সংগঠিত অপরাধচক্র বা নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় দিরাই উপজেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
