
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারি ২০২৬ কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেন। ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে কর্মচারীরা তাদের ন্যায্য দাবির পক্ষে স্লোগান দেন।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন আন্দোলনের আহ্বায়ক জয় সিং বড়ুয়া। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছে। আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা ঢাকা পর্যন্ত আন্দোলন নিয়ে যাব।”
এ সময় কাদেরী নুরুল হুদা উচ্চ বিদ্যালয়-এর শিক্ষক-কর্মচারীরাও সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা আরও বলেন, অবিলম্বে ৯ম পে-স্কেল বাস্তবায়নসহ সকল যৌক্তিক দাবি মেনে না নিলে আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ বিক্ষোভ কর্মসূচি শেষে আন্দোলনকারীরা পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন।
