
পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ৯৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) আলতাফ হোসেন এবং মোটরযান পরিদর্শক এস. এম. ফরিদুর রহিম।
এ সময় সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে, আহত দুই পরিবারের প্রত্যেককে ২ লাখ টাকা করে এবং একজন আহত ব্যক্তির পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়। সব মিলিয়ে ২১টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে মোট ৯৫ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে আইন মেনে চলার পাশাপাশি চালক, যাত্রী ও পথচারী—সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি জরুরি। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা নিয়ে সরকার ভবিষ্যতেও থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মমিন, জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ফিরোজ খান, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারিক, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ, উপকারভোগী পরিবারের সদস্য ও গণমাধ্যম কর্মীবৃন্দ।
