
উৎসবমুখর পরিবেশে পাবনার বেড়া সরকারি বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব সম্পন্ন হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আশরাফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ব্রুনাল্ট চাকমা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান।
সকাল ৯টা থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। দৌড়, দীর্ঘ লাফ ও উচ্চ লাফসহ আকর্ষণীয় সব প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অনুষ্ঠান শেষে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে (ইউএনও) ব্রুনাল্ট চাকমা বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ঐতিহ্য বজায় রাখতে খেলাধুলার বিকল্প নেই।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয়।
