
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে ভোটারদের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে যৌথবাহিনীর উদ্যোগে ‘ডমিনেশন পেট্রোল’ পরিচালিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাবের সমন্বয়ে গঠিত একাধিক গাড়িবহর ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ডসহ চরপাড়া, পাকুল্যা, জামুর্কী, মির্জাপুর বাইপাস, দেওহাটা, ধেরুয়া ও গোড়াই এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ পেট্রোলিংয়ের মাধ্যমে সাধারণ জনগণের কাছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের নিরাপত্তা বার্তা পৌঁছে দেওয়া হয়।
মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর হাফিজ আল জূহেব জানান, দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে পেট্রোলিং কার্যক্রম শুরু হয়। নির্বাচনকালীন যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং ভোটারদের মধ্যে আস্থা তৈরির লক্ষ্যে এই বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন বলেন, ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হতে উৎসাহিত করতেই যৌথবাহিনী মাঠে নেমেছে। নির্বাচনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
এ সময় সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজ, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বিজিবির নায়েক সুবেদার ওহাব আলী, র্যাব সিপিসি-১৪-এর ওয়ারেন্ট অফিসার আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
