
রাজধানীতে প্রধানমন্ত্রীর যাতায়াত ব্যবস্থায় বড় পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর যাত্রাপথে সড়কের দুই পাশে পোশাকধারী পুলিশের সারিবদ্ধ অবস্থান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী সরকারি গাড়ির বদলে নিজের ব্যক্তিগত গাড়িতে চলাচল করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। দিনের কর্মসূচিতে তিনি সাভার ও শেরে বাংলা নগর সফর করেন নিজের টয়োটা গাড়িতে, পরে একই গাড়িতে সচিবালয়ে পৌঁছান।
যানজট কমানো এবং সাধারণ মানুষের ভোগান্তি হ্রাসের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরও ছোট করা হয়েছে। আগে যেখানে ১৩ থেকে ১৪টি গাড়ি থাকত, এখন তা কমিয়ে চারটিতে আনা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠক নিয়েও নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে বৈঠক হবে সরাসরি বাংলাদেশ সচিবালয়-এ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হলে সচিবালয় থেকে মন্ত্রীদের যাতায়াতে অতিরিক্ত চাপ তৈরি হয় এবং ভিআইপি চলাচলের কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয় বলে জানান প্রেস সচিব।
সরকারের এই পদক্ষেপে রাজধানীর যানজট ও জনভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
