
লালমনিরহাটের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা নেতা আসাদুল হাবিব দুলু এবার পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। বিএনপি নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়ে শপথ নিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। এতে নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন লালমনিরহাট-৩ আসনের নবনির্বাচিত এই সংসদ সদস্য।
রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সাংগঠনিক কার্যক্রমে দীর্ঘদিন ভূমিকা রাখা দুলু জাতীয় রাজনীতিতে নতুন নন। এর আগে ২০০১ সালে চারদলীয় জোট সরকারের সময় লালমনিরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সে সময় উত্তরাঞ্চলের মঙ্গা নিরসন ও ত্রাণ ব্যবস্থাপনায় তার কার্যক্রম আলোচিত হয়।১৯৫৭ সালে লালমনিরহাট জেলায় জন্মগ্রহণ করা দুলু শিক্ষাজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন এবং শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়–এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এ কারণেই স্থানীয়ভাবে তিনি ‘অধ্যক্ষ’ নামেই বেশি পরিচিত।
দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার পূর্ণ মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় দায়িত্বে প্রত্যাবর্তন করলেন আসাদুল হাবিব দুলু—যা লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন জেলাবাসী।
