
পাবনা-৫ আসনের সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস জানিয়েছেন, নির্বাচনের পর সরকারি আনুষ্ঠানিকতা ও টানা কর্মসূচির কারণে দীর্ঘ সময় ঢাকায় অবস্থান করায় স্থানীয় নেতাকর্মী, সাধারণ জনগণ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সরাসরি দেখা করা সম্ভব হয়নি। এ জন্য তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।
তিনি জানান, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গেজেট প্রকাশের পর দ্রুত ঢাকায় যেতে হয়। এরপর ধারাবাহিক কর্মব্যস্ততার মধ্যে অসুস্থ হয়ে পড়ায় কিছুদিন বিশ্রাম নিতে হয় এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেন। এ সময় তিনি বাংলাদেশ জাতীয় সংসদ–এ শপথ গ্রহণসহ অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রমও সম্পন্ন করেন।
এমপি শিমুল বিশ্বাস বলেন, ইনশাআল্লাহ তিনি মঙ্গলবার পাবনা ফিরে সবার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন এবং দোয়া, পরামর্শ ও দিকনির্দেশনা গ্রহণ করবেন।
পবিত্র রমজান মাস উপলক্ষে তিনি সকলের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, এ সময়ে ফুলেল শুভেচ্ছা জানানোর প্রয়োজন নেই। সালাম, দোয়া ও সৌজন্য সাক্ষাৎই তার জন্য যথেষ্ট। তিনি রমজানের সংযম, ইবাদত ও পারস্পরিক সহমর্মিতার চেতনাকে ধারণ করে সমাজে ইতিবাচক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
এদিকে তিনি সবার সুস্থতা ও ইবাদত কবুল হওয়ার জন্য দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, অসুস্থতার কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তিনি কিছুদিন ঢাকায় অবস্থান করে চিকিৎসা গ্রহণ করেন।
