
পাবনার ঈশ্বরদীতে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও এনএসআই। এ সময় এক ব্যবসাপ্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।
শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় জেলা এনএসআইয়ের তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ঈশ্বরদী থানা রোডের ডাকবাংলো সংলগ্ন মেসার্স করিম পেট্রোলিয়াম এজেন্সিতে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে প্রায় ৬ হাজার ৪২০ লিটার পেট্রোল ও অকটেন এবং ৯০ থেকে ১০০টি গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ রাখা হয়েছে। এছাড়া অধিক দামে তেল বিক্রি, মজুদ রেখে বিক্রি না করা, দোকান বন্ধ রাখা এবং ওজনে কম দেওয়ার মতো একাধিক অনিয়ম ধরা পড়ে।
মোবাইল কোর্ট থেকে মজুদকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে দ্রুত বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈশ্বরদী উপজেলার ১১টি তেল পাম্পে যে পরিমাণ জ্বালানি তেল বিক্রয়যোগ্য থাকে, তার তুলনায় অভিযানে ধরা পড়া ওই ডিলারের কাছে প্রায় চার গুণ বেশি তেল মজুদ ছিল।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও ভোক্তা প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
