
পাবনা প্রতিনিধি: পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকেলে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়ীয়া পশ্চিমপাড়া চকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত নারী হলেন মোছা. হাসিনা খাতুন ওরফে মিনি (৪৬)। তিনি ওই এলাকার মো. ইকবাল প্রামাণিকের স্ত্রী।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মো. মহিদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সদর থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় দুবলিয়া বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চরতারাপুর ইউনিয়নের তারাবাড়ীয়া পশ্চিমপাড়া চকপাড়া এলাকায় এক নারী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন।
খবর পেয়ে বিকেল প্রায় ২টা ৫০ মিনিটে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী পালানোর চেষ্টা করলে নারী কনস্টেবল চামেলী খাতুন তাকে আটক করেন।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করলে আটককৃত নারী তার বাড়িতে গাঁজা মজুদ থাকার কথা স্বীকার করেন। তার দেখানো মতে বসতবাড়ির রান্নাঘরের পেছনে এবং অন্য একটি কক্ষের মেঝের নিচে পুঁতে রাখা বিভিন্ন পলিথিনে মোড়ানো মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ডিজিটাল ওয়েট মেশিনে ওজন করে গাঁজাগুলো জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নারী বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় পাবনা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।
