
রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বিশেষ সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়ে ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও যুগোপযোগী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সংশ্লিষ্টরা জানান, স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা গেলে আগামী এপ্রিলের শেষ নাগাদ রাজধানীর যানজট অনেকটাই কমানো সম্ভব হবে। মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়িত হলে ট্রাফিক ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নয়ন আসবে।
প্রধান সিদ্ধান্তসমূহ:
ঢাকার ১২০টি ট্রাফিক সিগন্যাল ধাপে ধাপে দেশীয় প্রযুক্তিতে অটোমেশন করা হবে
শহরের চারপাশে নতুন বাইপাস সড়ক নির্মাণ এবং ভেতরে ওভারপাস ও আন্ডারপাস তৈরির উদ্যোগ নেওয়া হবে
রাজধানীর ভেতরের ৫টি আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে শহরের বাইরে স্থানান্তর করা হবে
অবৈধ বাস কাউন্টার অপসারণ এবং সড়ক দখলমুক্ত করা হবে
রাস্তার মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটি অপসারণ করা হবে
রেল ক্রসিংয়ে অটো সিগন্যাল লাইটিং সিস্টেম চালু করা হবে
সিটি বাসে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হবে
ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়ি এবং হাসপাতাল এলাকায় লিফট স্থাপন করা হবে
আগামী ৭ এপ্রিলের মধ্যে অধিকাংশ পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়েছে
পরিকল্পনাগুলো বাস্তবায়নে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে সমন্বয় করবেন শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি (পাবনা-৫)।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সভার এসব তথ্য নিশ্চিত করেছেন।
