
পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রান্তিক অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে “Free Education Campaign for Indigenous Students–2026” শীর্ষক একটি শিক্ষা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। জুম একাডেমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইন গত ১৬ মার্চ থেকে ২৪ মার্চ ২০২৬ পর্যন্ত পরিচালিত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, এ সময়ের মধ্যে পার্বত্য চট্টগ্রামের ৬টি উপজেলার মোট ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার, সপ্তাহব্যাপী শিক্ষা ক্যাম্পেইন এবং শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ৫০ জনের অধিক মেন্টর ও স্বেচ্ছাসেবক ১০টি দলে বিভক্ত হয়ে শিক্ষার্থীদের মাঝে দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান করেন।
ক্যাম্পেইন বাস্তবায়নে বিভিন্ন শুভাকাঙ্ক্ষী, সমাজহিতৈষী ব্যক্তি ও সংগঠন আর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। এছাড়া সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-কর্তৃপক্ষ, স্থানীয় মুরুব্বি ও সচেতন মহলের সক্রিয় অংশগ্রহণে কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়।
আয়োজকদের মতে, প্রান্তিক ও পিছিয়ে থাকা আদিবাসী সমাজকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই। তাই সচেতন শিক্ষার্থীদের নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
জুম একাডেমি এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে এবং সকলের সহযোগিতা কামনা করেছে।
