
রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা মৌজায় বসবাসরত তনচংগ্যা সম্প্রদায়ের নারী-পুরুষরা তাদের ঐতিহ্যবাহী বিষু উৎসব-এর প্রথম দিন ‘ফুল বিষু’ উপলক্ষে কর্ণফুলী নদীতে ফুল ভাসানোর মাধ্যমে উৎসবের সূচনা করেছেন।
শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় কাপ্তাইয়ের কর্ণফুলী স্টেডিয়াম সংলগ্ন কর্ণফুলী নদী তীরে এ ফুল ভাসানো কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে তনচংগ্যা সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন শেখ মাহমুদুল হাসান রুবেল (ওসি, কাপ্তাই থানা), আমীর সোহেল (ওসি তদন্ত), সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, চিরনজীত তনচংগ্যা (চেয়ারম্যান, ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ), নির্মল চন্দ্র তনচংগ্যা (বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক),
অজিত কুমার তনচংগ্যা (সভাপতি, বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটি), রূপময় তনচংগ্যা (সদস্য সচিব, বিষু উদযাপন কমিটি), তাপস তনচংগ্যা (অর্থ সম্পাদক), স্বপন তনচংগ্যা, দয়ারাম তনচংগ্যাসহ তনচংগ্যা সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।
ফুল ভাসানো অনুষ্ঠানে উপস্থিত অজিত কুমার তনচংগ্যা, স্থানীয় গর্জনিয়া পাড়ার কারবারি রনজিত তনচংগ্যা, অজিত কুমার তনচংগ্যা, বেতার শিল্পী ও তনচংগ্যা সম্প্রদায়ের জনপ্রিয় গীতিকার-সুরকার সূর্য্যসেন তনচংগ্যা এবং স্থানীয় শিল্পী পূজা তনচংগ্যাসহ অনেকে বলেন, ফুল বিষু উৎসবের মাধ্যমে তারা পুরনো বছরের সব দুঃখ-গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানান।
তারা আরও বলেন, এই উৎসব তনচংগ্যা সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ, যা প্রতি বছর আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়।
প্রসঙ্গত, বিষু উৎসব তিন দিনব্যাপী উদযাপিত হয় এবং এর প্রথম দিন ‘ফুল বিষু’। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের ২৯ তারিখ, অর্থাৎ বছর শেষ হওয়ার একদিন আগে এই দিনটি পালিত হয়। এদিন ভোরে ঘুম থেকে উঠে আনন্দের সাথে বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করা হয় এবং নদী বা জলাশয়ে ফুল ভাসিয়ে নতুন বছরের মঙ্গল কামনা করা হয়।
